
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ও তাদের আঞ্চলিক মিত্রদের কাছ থেকে ওয়াশিংটন এমন শিক্ষা পাবে, যা তারা কখনো ভুলতে পারবে না।
শনিবার (১৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি অভিযোগ করেন, গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বারবার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এসব ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই।
বিবৃতিতে বলা হয়, চুক্তি বারবার ভঙ্গ করে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে যে আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ। আধিপত্যবাদ, জবরদস্তি ও বর্বরতা আমেরিকার নীতি ও মতবাদের অবিচ্ছেদ্য অংশ।
এতে আরও বলা হয়, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ উসকে দিতে চায় এবং আরও বড় ক্ষতি ও অপমান ডেকে আনতে চায়, তবে তাদের জেনে রাখা উচিত-ইরানের জনগণ এবং ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ তাদের এমন শিক্ষা দেবে, যা তারা কখনো ভুলবে না।
এদিকে ইরান অভিযোগ করেছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র দেশটির ওপর হামলা আরও জোরদার করেছে। তাদের দাবি, মার্কিন বাহিনী সেতু, রেললাইন এবং পানি লবণমুক্তকরণ কেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।
এর জবাবে তেহরানও পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে। তবে ওই হামলায় কী ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।




