শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক স্থানে সড়ক অবরোধ করে মিছিল ও মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান ও সাম্প্রতিক বৃষ্টিজনিত ভোগান্তির প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি তুলে ধরেন। একই সময়ে সায়েন্সল্যাবেও সড়ক অবরোধ করেছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনা না করে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। এ কারণে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা। তাদের অবরোধে সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক শিক্ষার্থীকে পানি, কাদা পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। কেউ কেউ নৌকায় করে কেন্দ্রে পৌঁছেছেন। এতে পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে।
তারা বলেন, যতদিন জলাবদ্ধতা থাকবে, যতদিন বন্যা পরিস্থিতি থাকবে এবং আবহাওয়া পরীক্ষার অনুকূলে না আসবে, ততদিন পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়েছিলাম। কিন্তু শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনা করেননি।
আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল ছিল এবং প্রশ্নের মান নিয়েও তাদের আপত্তি রয়েছে। তারা বলেন, কঠিন প্রশ্ন নিয়ে তাদের আপত্তি নেই, তবে শিক্ষার্থীরা যে পরিবেশে প্রস্তুতি নিয়েছে সেই অনুযায়ী মূল্যায়ন হওয়া উচিত।
শিক্ষার্থীরা জানান, তারা মোট আট দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-শিক্ষামন্ত্রীকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে, পরীক্ষা নিয়ে কোনো ধরনের ‘গবেষণা’ বন্ধ করতে হবে, দেশের পরিস্থিতি ও পরীক্ষা কেন্দ্র উপযোগী না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে।
বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে
Google News ফিডটি অনুসরণ করুন
পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে বঙ্গভবনেই অবস্থান করছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরই মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠকও সম্পন্ন করেছেন তিনি।
রোববার (২৬ জুলাই) বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজের বাসায় ওঠার কথা রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির।
মূলত, মেয়াদ শেষ করার প্রায় পৌনে দুই বছর আগে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
পদত্যাগের পরপরই প্রশ্ন ওঠে, বঙ্গভবন ছেড়ে কোথায় যাবেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি? জানা গেছে, বঙ্গভবন ছেড়ে মো. সাহাবুদ্দিন উঠবেন রাজধানীর গুলশানে নিজের ফ্ল্যাটে। সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।
এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের পরও স্পিকারের জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। নিয়ন্ত্রণ নিয়েছে পিজিআর-এসএসএফ।
৩ দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৭, ২৮ ও ২৯ জুলাই কুমিল্লার বিভিন্ন এলাকায় প্রতিদিন টানা ১২ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (২৫ জুলাই) রাতে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে।
এর ফলে সোমবার (২৭ জুলাই) কুমিল্লা শহর ও এর আশপাশের এলাকা, মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও সংলগ্ন এলাকা এবং বুধবার (২৯ জুলাই) কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও তার আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মেরামত কাজ চলাকালে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
হরমুজ বন্ধ হওয়ায় বাংলাদেশের খাদ্য উৎপাদনে ‘গুরুতর ঝুঁকি’ তৈরি হচ্ছে: ডব্লিউএফপি
জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর ইউরিয়ার দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ সম্ভাব্য সার সংকটের ‘তীব্র ঝুঁকিতে’ রয়েছে।
ডব্লিউএফপির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সরবরাহের জন্য সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানির ওপর নির্ভরশীল। বর্তমানে দেশটির মজুদে থাকা সার অক্টোবর পর্যন্ত চাহিদা মেটানোর জন্য যথেষ্ট।
ডব্লিউএফপি আরও জানিয়েছে, ইউরিয়ার দাম এখন প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে গ্যাসের ঘাটতির কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া সার কারখানার মধ্যে তিনটি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে।
ডব্লিউএফপি আরও বলেছে, চলমান এই সংকটের কারণে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারে বলে যে অনুমান করা হচ্ছে, তাতে এই পরিস্থিতি আরও অবদান রাখছে।
সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১৯ জুলাই) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তুরস্ক সরকারের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন সেনাপ্রধান।
সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি
দেশের ৮ অঞ্চলে ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ কথা জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।