ঢাকাই সিনেমার বর্তমান সময়ের মেগাস্টার তিনি। প্রযোজক থেকে শুরু করে নির্মাতাদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। অনেক প্রযোজকই তাকে ছাড়া সিনেমা নির্মাণে ঝুঁকি নিতে চান না। বলছি শাকিব খানের কথা।
নতুন লুকে, নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন শাকিব খান। তবে হঠাৎ ‘প্রিন্স’ সিনেমার শুটিং রেখেই শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের এক বিশেষ কাজে ঘুরে গেলেন তিনি। পরদিনই দিলেন নতুন বার্তা!
সফরটা ছিল মাত্র ২৪ ঘণ্টার, কিন্তু সেই ঝটিকা সফরেই দেশের বিনোদন অঙ্গনে শোরগোল ফেলে দেন মেগাস্টার শাকিব খান।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি শেয়ার করেন শাকিব খান। লেখেন, ‘ছোট্ট সফর, বিশাল স্মৃতি! আবার কাজে ফেরা, সাথে আছে আমার #PRINCE.’
অর্থাৎ, ছোট এক বিরতিতে দারুণ কিছু স্মৃতি নিয়ে আবারও নিজের চিরচেনা ব্যস্ততায় ফিরছেন তিনি। আর এই ব্যস্ততা তার নির্মাণাধীন মেগা প্রজেক্ট ‘প্রিন্স’ সিনেমাকে ঘিরে।
আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমার শুটিং নিয়ে কিছুদিন ধরে শ্রীলঙ্কায় ব্যস্ত ছিলেন শাকিব খান। তবে বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই তাকে দেখা যায় ঢাকা বিমানবন্দরে, যেখান থেকে ব্যক্তিগত হেলিকপ্টারে তিনি উড়ে যান পর্যটন নগরী কক্সবাজারে।
সামাজিকমাধ্যমে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ফলে ভক্তদের মনে কৌতূহল জাগে, তবে কি নতুন কোনো সিনেমার চমক? পরে জানা যায়, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিশেষ ইভেন্টে যোগ দিতেই তার এই আকস্মিক ও সংক্ষিপ্ত সফর। ভক্তরা মনে করছেন, শাকিব খানের এই বার্তা কিংবা পোস্টটি মূলত তার পেশাদারিত্বেরই এক বড় উদাহরণ।
মন্তব্য করুন








