আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান জাতীয় ক্রিকেট দল—এমন সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পাকিস্তান সরকার। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রোববার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তান সরকারের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এ বার্তা দেওয়া হয়েছে।
বার্তায় বলা হয়েছে, ‘ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান সরকার আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি ২০২৬–এ পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে; তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।’

এই সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেট অঙ্গনে বড় আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচকে সাধারণত টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ও উচ্চপ্রচারিত লড়াই হিসেবে দেখা হয়। রাজনৈতিক উত্তেজনা ও দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আইসিসি বা আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ম্যাচটি বাতিল হলে গ্রুপ পর্বের পয়েন্ট বণ্টন ও সূচিতে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বা আইসিসির আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য এখনও পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে ইঙ্গিত মিলেছে।
মন্তব্য করুন








