টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুরুষ দলের ম্যাচ বর্জনের ঘোষণার মধ্যেই একই দিনে ভারতের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান নারী ‘এ’ দল।
ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এমন তথ্য প্রকাশের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অবস্থান নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
আগামী ১৫ ফেব্রুয়ারি ব্যাংককে রাইজিং স্টারস এশিয়া কাপে পাকিস্তান নারী ‘এ’ দলের মুখোমুখি হওয়ার কথা ভারত নারী ‘এ’ দলের। একই দিনে কলম্বোয় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান গ্রুপ ম্যাচ নির্ধারিত রয়েছে। তবে পুরুষ দলের ক্ষেত্রে পাকিস্তান সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ঘোষণায় ম্যাচ বর্জনের ইঙ্গিত মিললেও নারী দলের সূচিতে কোনো পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়নি বলে ক্রিকইনফোর প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপের প্রস্তুতি স্বাভাবিকভাবেই চলছে। এমনকি বয়কট ঘোষণার দিনই পিসিবির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান নারী দলের গ্রুপ তালিকায় ভারতের নাম উল্লেখ করে ১৫ ফেব্রুয়ারির ম্যাচও নিশ্চিত করা হয়।
এদিকে একই দিনে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ পুরুষ দলও ভারতের বিপক্ষে বিশ্বকাপের সুপার সিক্স পর্বে মাঠে নেমেছিল, যেখানে তারা ৫৮ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ফলে একদিকে পুরুষ জাতীয় দলের সম্ভাব্য বয়কট, অন্যদিকে নারী ও বয়সভিত্তিক দলের নিয়মিত অংশগ্রহণ—এই বৈপরীত্যই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
পিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) পুরুষ দলের ম্যাচ বর্জনের বিষয়ে লিখিতভাবে কিছু জানায়নি। আইসিসি আগেই সতর্ক করে বলেছে, নির্বাচিতভাবে অংশগ্রহণ করলে শাস্তির মুখে পড়তে হতে পারে। তবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে হলে আইসিসিকে তাদের পূর্ণ সদস্য দেশগুলো ও সহযোগী সদস্য প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করতে হবে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বোর্ড সভা নির্ধারিত হয়েছে বলে নিশ্চিত করা হয়নি।
বিশ্লেষকদের মতে, যদি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পুরুষ দলের ম্যাচ ত্যাগ করে, তবে সম্ভাব্য শাস্তির মধ্যে টুর্নামেন্ট থেকে স্থগিতাদেশ, আইসিসির রাজস্ব বণ্টন কমে যাওয়া কিংবা পাকিস্তান সুপার লিগে বিদেশি খেলোয়াড়দের ছাড়পত্র (এনওসি) স্থগিতের মতো বিষয় থাকতে পারে। তবে নারী দলের স্বাভাবিক অংশগ্রহণ পিসিবির নীতিগত অবস্থানকে আরও জটিল করে তুলেছে বলেই মনে করা হচ্ছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন








