ভারত পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মাঝেই ভিন্ন সুর শোনা গেল ভারতের সাবেক অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কণ্ঠে। তার বিশ্বাস, শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের অবস্থান থেকে সরে আসবে এবং ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে নির্ধারিত ম্যাচটি সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
সম্প্রতি পাকিস্তান সরকার দলকে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে অনুমতি দিলেও ভারতের বিপক্ষে মাঠে না নামার সিদ্ধান্ত জানায়। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্ভাব্য পরিণতি নিয়ে সতর্কবার্তা দেয় এবং দীর্ঘমেয়াদি প্রভাবের বিষয়টি বিবেচনায় নিতে পিসিবিকে আহ্বান জানায়। তবে এখনো পর্যন্ত পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে কোনো চিঠি দেয়নি, ফলে পরিস্থিতি ঝুলে আছে অনিশ্চয়তায়।
এই প্রেক্ষাপটে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, তিনি “শতভাগ নিশ্চিত” যে ম্যাচটি শেষ পর্যন্ত হবে। তার মতে, আগামী কয়েক দিনের মধ্যেই পাকিস্তান অবস্থান বদলাতে পারে। অশ্বিনের ভাষায়, সম্প্রচার সংস্থা ও আইসিসির অন্যান্য সদস্য বোর্ডগুলোর আর্থিক ক্ষতির ঝুঁকি এতটাই বড় যে শেষ পর্যন্ত কোনো না কোনো সমঝোতায় পৌঁছানো ছাড়া উপায় থাকবে না।
তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানানো আন্তর্জাতিক ক্রীড়ার মূল নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা, তাই ভেন্যু-সংক্রান্ত আপত্তিরও সুযোগ নেই বলে মনে করেন এই সাবেক ভারতীয় স্পিনার। তার আশা, শেষ পর্যন্ত “বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তই” সামনে আসবে এবং বহুল প্রতীক্ষিত লড়াইটি মাঠেই গড়াবে।
অশ্বিন অবশ্য পাকিস্তান দলকে হালকাভাবে নেওয়ার পক্ষেও নন। সাম্প্রতিক পারফরম্যান্সের কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান যে কোনো বড় আসরে অনেক দূর যেতে সক্ষম। তবে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ প্রায়ই তাদের নিজেদের মানসিকতা—এই মন্তব্যও করেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। তাদের সঙ্গে আছে নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। দুই দলই টুর্নামেন্ট শুরু করবে ৭ ফেব্রুয়ারি নিজ নিজ প্রথম ম্যাচ দিয়ে। বহুল আলোচিত ভারত-পাকিস্তান লড়াই ঘিরে তাই মাঠের বাইরের উত্তেজনাই এখন সবচেয়ে বেশি।
মন্তব্য করুন








