
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচের ঠিক ২৪ ঘণ্টা আগে এক অপ্রত্যাশিত ঘটনার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোল ডট কমের এর প্রতিবেদন অনুযায়ী, নিউ জার্সির প্রবল বৈরী আবহাওয়ার কারণে স্পেনের শেষ মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলন সেশনটি পুরোপুরি বাতিল করতে হয়েছে।
স্প্যানিশ জাতীয় দল তাদের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নিউ জার্সির মেলানি লেন ট্রেনিং গ্রাউন্ডে এসে পৌঁছেছিল। তবে মাঠে নামার আগেই টুর্নামেন্ট আয়োজক ফিফার পক্ষ থেকে কঠোর নিরাপত্তা প্রোটোকলের নির্দেশনা আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের ঝড়-বজ্রপাত নিরাপত্তা আইন অনুযায়ী, অনুশীলন মাঠের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে কোনো বজ্রপাত হলে সাথে সাথে বহিরঙ্গন বা আউটডোর কার্যক্রম বন্ধ করার নিয়ম রয়েছে। নিয়ম অনুযায়ী, শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত আকাশ সম্পূর্ণ নিরাপদ না হলে কোনো খেলোয়াড়কে মাঠে নামার অনুমতি দেওয়া যায় না।
আকাশের পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকায় এবং বজ্রপাত না থামায় স্পেনের কোচিং স্টাফরা ড্রেসিংরুমে খেলোয়াড়দের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে না রাখার সিদ্ধান্ত নেন। আবহাওয়ার কোনো উন্নতি না দেখে ম্যানেজার লুইস দে লা ফুয়েন্তে আউটডোর প্র্যাকটিস সেশনটি পুরোপুরি বাতিল ঘোষণা করেন। তবে মাঠের কৌশলগত অনুশীলন সম্ভব না হলেও খেলোয়াড়দের শারীরিক সক্রিয়তা ধরে রাখতে টিম হোটেলের ইনডোরে বা জিমনেসিয়ামে একটি বর্ধিত ফিটনেস ও ওয়ার্ম-আপ সেশন সম্পন্ন করানো হয়।
এই অনুশীলন বাতিল হওয়া স্পেনের জন্য বড় একটা ধাক্কা। কারণ সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে স্পেনের দুই গুরুত্বপূর্ণ তারকা লামিনে ইয়ামাল এবং পেড্রো পোরো সামান্য চোট বা 'নক' পেয়েছিলেন। ফাইনালের আগের এই শেষ সেশনেই মূলত কোচিং স্টাফদের পরখ করে দেখার কথা ছিল যে এই দুই তারকা রবিবারের হাই-ভোল্টেজ ম্যাচে শুরুর একাদশে থাকার জন্য শতভাগ ফিট কি না। কিন্তু প্র্যাকটিস বাতিল হওয়ায় শেষ মুহূর্তের সেই গুরুত্বপূর্ণ ফিটনেস পরীক্ষা আর নেওয়া সম্ভব হয়নি।
এদিকে একই আবহাওয়ার কবলে পড়েছিল আর্জেন্টিনার দলও। তবে তাদের অনুশীলনের সময় কিছুটা পরের দিকে থাকায় তারা স্পেনের মতো এতটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। আবহাওয়ার কারণে লিওনেল স্কালোনির দলের প্র্যাকটিস সেশনটি প্রায় ৪৫ মিনিট বিলম্বিত হয়। পরবর্তীতে বজ্রপাত কমে আকাশ কিছুটা শান্ত হলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বৃষ্টিস্নাত মাঠেই তাদের শেষ মুহূর্তের কৌশলগত প্রস্তুতি সম্পন্ন করার সুযোগ পায়। ফলে মাঠের অনুশীলনের দিক থেকে স্পেনের চেয়ে আর্জেন্টিনা কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকেই ফাইনালে মাঠে নামছে।




