
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তমাল সরকার উপজেলার ধানগড়া বাগানবাড়ি এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।
পুলিশ জানায়, সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকেই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তমাল সরকারের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ হামলার ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। সেই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জায়গা নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময়সভা থেকে বেরিয়ে আসার সময় সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ওইদিন রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। পরে রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির ও রায়গঞ্জ পৌরসভার রনতিথা মহল্লার বাবলু মিয়ার ছেলে হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, সোমবার (২৪ আগস্ট) দুপুরে এ হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহবায়ক ও সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি।




