স্ত্রীর পরামর্শে বিনিয়োগ করা কেবল ভালোবাসার নিদর্শনই নয়; বরং এটি একটি সুদূরপ্রসারী আর্থিক পরিকল্পনা। আর এই পরিকল্পনার সফল বাস্তবায়ন করেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের পরামর্শেই তিনি বিনিয়োগ করে থাকেন বলে প্রকাশ্যেই জানান অভিষেক।
সম্প্রতি গ্লোবাল বিজনেস সামিটে ‘বিনিয়োগ কীভাবে করেন, কোথায় করেন’—প্রশ্নের জবাবে স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে পরামর্শ করেই তিনি অর্থ লগ্নি করেন বলে জানান। কিছুটা কৌতুক করেই তিনি বলেন, ‘আমার স্ত্রীর কথায়…।’
গ্লোবাল বিজনেস সামিটে বক্তব্যের এক পর্যায়ে অভিষেক বলেন, ‘আমার বাবা অমিতাভ বচ্চন রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পছন্দ করেন। তার ধারণা হলো, জমি থাকলে সব কিছু ঠিকঠাক থাকে। কিন্তু আমি আগে স্বর্ণে বিনিয়োগ করতাম, এখন আমার স্ত্রীর কথায় রুপায়ও বিনিয়োগ করি।’ এ সময় অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের আগে তিনি স্ত্রীর সঙ্গে আলোচনা করেন বলে জানান। সূত্র: হিন্দুস্তান টাইমস
‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অভিষেক বচ্চন। এর পরের পথ খুব একটা মসৃণ ছিল না। বেশ কিছু সিনেমা হিট হলেও ফ্লপ সিনেমার সংখ্যাও কম নয়। প্রথম থেকেই নেপোটিজমের লেভেল লেগে ছিল তার গায়ে। সাফল্য আর ব্যর্থতার মিশেলেই এগিয়েছে তার ক্যারিয়ার।
২০০৭ সালের ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই ও অভিনেতা অভিষেক বচ্চন। এরপর বেশ কয়েকবার তাদের মধ্যে বনিবনা না হওয়ার কথা যোগাযোগমাধ্যমে চাউর হয়। এমনকি বিচ্ছেদের গুঞ্জনও শোনা যায়। তবে বিচ্ছেদ বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা ধরনের নেতিবাচক খবর প্রকাশিত হলেও ঐশ্বরিয়া বা অভিষেক এ বিষয় মুখ খোলেননি।