
কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে মুচি সম্প্রদায়ের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দাউদকান্দি পৌর বাজারের পোস্ট অফিসের সামনে সুবিধাবঞ্চিত এই সম্প্রদায়ের প্রতিটি পরিবারের মাঝে একটি করে মশারি তুলে দেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ।
সহায়তা হিসেবে মশারি পেয়ে গরিব ও অসহায় মুচি সম্প্রদায়ের মানুষদের মুখে সন্তুষ্টির হাসি ফুটতে দেখা যায়। মশারি বিতরণকালে পৌর প্রশাসক নাহিদ আহমেদের সাথে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম এবং সেনেটারি ইন্সপেক্টর মো. কামরুজ্জামানসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধে দাউদকান্দি পৌর প্রশাসন ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। সম্প্রতি পৌর প্রশাসক নাহিদ আহমেদ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং সেখানে ডেঙ্গু আক্রান্তদের মাঝে মশারি বিতরণ করেন। এছাড়া গত শুক্রবারেও পৌর বাজারের বাইতুল আমান জামে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।




