
কক্সবাজার টেকনাফে র্যাবের পৃথক অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারীকে আটক করা হয়েছে।
আটক নারী টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-এইচ, শেড নং-০৬৮৭, রুম নং-০৬ এর শামসুল আলমের মেয়ে সামসুন নাহার (১৮)। বিকালে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এক সংবাদে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কবরস্থান পাহাড়ের (জাকিরের ডেইল পাহাড়) পাদদেশে কিছু অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। ওই সংবাদের ভিত্তিতে গত রোববার বিকালে উল্লিখিত এলাকায় ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাব-মেশিনগান (এসএমজি) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে স্থানীয় এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্নভাবে অনুসন্ধান করা হলেও তাৎক্ষণিকভাবে অস্ত্রটির মালিকানা কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
অপরদিকে একই দিন টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে সন্ধ্যায় অভিযান পরিচালনা করে উপস্থিত সাক্ষীদের সহায়তায় সামসুন নাহারকে (১৮) আটক করা হয়।
পরবর্তীতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়ন কক্ষের মাচার উপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র এবং তাজা গুলিসহ গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




