
টাঙ্গাইলের মির্জাপুরে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সাঃ)-এর পৃথিবীতে আগমন দিনটিকে স্মরণ করে এ উপলক্ষে জশনে জুলুস,আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিলসহ মির্জাপুরজুড়ে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার মির্জাপুর মিনি স্টেডিয়ামে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা একত্র হতে শুরু করেন।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল বিশাল জশনে জুলুস। জশনে জুলুসটি মিনি স্টেডিয়াম থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়।
জুলুস শেষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মহানবী (সাঃ)-এর জীবন,দর্শন ও সুন্নাহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তাঁর দেখানো শান্তি,সাম্য ও মানবতার পথে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
পরিশেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণের মধ্য দিয়ে উদযাপনের সমাপ্তি ঘটে।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত মির্জাপুর উপজেলা কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে, কমিটির আহ্বায়ক শাহ সুফী মিনহাজ উদ্দিনের (পীর)সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা প্রমুখ।অনুষ্ঠানে টাঙ্গাইল মউশিক শিক্ষক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম জালালীর সঞ্চালনায় অন্যদের মধ্যে,আহলে সুন্নাত ওয়াল জামায়াত’র উপজেলা কমিটির সদস্য সচিব মো.আনিসুর রহমান,যুগ্ম-আহ্বায়ক মাওলানা ইকরাম ফারুকী,সদস্য মুফতি জাহিদুল ইসলাম,সদস্য মাওলানা হুমায়ুন খান বেলালী প্রমুখ বক্তৃতা করেন।




