
শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টার সময় স্থানীয়দের তৎপরতায় পালিয়ে গেছে একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা। পুলিশ ঘটনাস্থল থেকে জবাই করা ঘোড়ার মাংসের নমুনাসহ বিভিন্ন আলামত জব্দ করেছে। একই সঙ্গে তিনটি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা এলাকার ফুলহারি নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফুলহারি এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস পাচার ও বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার রাতে ফরহাদের বাড়ির পেছনে তিনটি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার পাশাপাশি আরও তিনটি জীবিত ঘোড়া বাঁধা অবস্থায় দেখতে পান এলাকাবাসী। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের খবর দেন। পরে উপস্থিতির টের পেয়ে চক্রটির সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জবাই করা ঘোড়ার মাংসের নমুনা ও আনুষঙ্গিক আলামত সংগ্রহ করে। এ সময় বাঁধা অবস্থায় থাকা তিনটি জীবিত ঘোড়াও উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘোড়ার মাংসের নমুনা সংগ্রহ করে। জড়িত চক্রটিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উদ্ধার করা ঘোড়াগুলোর ভিডিও ফুটেজ টেলিগ্রামে দেওয়া হয়েছে।




