
ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের লিফট থেকে পড়ে গুরুতর আহত যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে প্রকল্পের অভ্যন্তরের নিকিমথ কোম্পানিতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত উজ্জল খন্দকারকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসা রত অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
নিহত উজ্জল খন্দকার (৪০) ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। সে প্রকল্পের নিকিমথ কোম্পানির অধীনে MTU-2-তে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রকল্প ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে প্রকল্পের OOUKS ভবনের ম্যান লিফটে কাজ করছিল উজ্জ্বল। এসময় অসাবধানতা বশত আনুমানিক ২০ ফুট উপর থেকে সে নিচে পড়ে যায়। এতে তার তাঁর ঘাড়ের মাংসপেশি ছিঁড়ে যাওয়ার পাশাপাশি হাত ও পা ভেঙ্গে যায়।
দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত উদ্ধার করে প্রকল্প এলাকায় প্রাথমিক চিকিৎসা শেষে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, ‘দুর্ঘটনার বিষয়টি সাংবাদিক মারফত জানতে পেরেছি। তবে প্রকল্প সংশ্লিস্টরা এ বিষয়ে থানায় কোন প্রকার যোগাযোগ করেন নি। তারা জানালে বিস্তারিত জানাতে পারব।




