
প্রথমে প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগ, এরপর আদালতে মামলা। সেই ঘটনার দুই মাস না যেতেই এবার ছুরিকাহত হলেন অভিযুক্ত বিএনপি নেতা হারুনুর রশিদ (৫৫)। জয়পুরহাটের আক্কেলপুরে বৃহস্পতিবার রাতে রোয়াইড়-রাজকান্দা সড়কের রাজকান্দা মোড়ে এ ঘটনা ঘটে।
রুকিন্দীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদের দাবি, রাতে তাঁকে পথরোধ করে কয়েকজন মারধর করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হারুনুর রশিদ এ ঘটনার জন্য রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমান, তাঁর ভাই দারাজ উদ্দিনসহ ৬-৭ জনকে দায়ী করেছেন। হামলাকারীরা তাঁকে মারধরের পর ছুরিকাঘাত করেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।
তবে হারুনুর রশিদের এই বক্তব্য সরাসরি নাকচ করেছেন প্রধান শিক্ষক আজাদুর রহমান। তাঁর ভাষ্য, আমাকে জুতাপেটা করার ঘটনায় করা মামলা তুলে নিতে চাপ দিচ্ছিলেন হারুনুর রশিদ। ব্যর্থ হয়ে এখন নিজের ওপর হামলার নাটক সাজিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধ থেকেই দুই পক্ষের এই বিরোধের সূত্রপাত বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশের কাছ থেকে জানা যায়, গত ১৫ জুন রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচন হয়। এতে দুইজন পুরুষ ও দুইজন নারী সদস্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। পরে সদস্যদের তালিকা পরিবর্তন করে পছন্দের লোকজনকে অন্তর্ভুক্ত করার জন্য হারুনুর রশিদ চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক।
এ নিয়ে ২১ জুন বিদ্যালয়ের অফিসকক্ষে বিরোধের একপর্যায়ে হারুনুর রশিদ জুতা খুলে প্রধান শিক্ষককে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন আজাদুর রহমান। পরে হারুনুর রশিদ, শাহনেওয়াজ, আতিকুজ্জামান মুন ও আতিয়ার রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি।
এরপর বৃহস্পতিবার রাতের হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্যাকমো সুমন হোসেন বলেন, রাত ১১টার দিকে হারুনুর রশিদকে হাসপাতালে আনা হয়। তাঁর বাম হাতে লম্বা জখম রয়েছে। ধারালো কোনো বস্তু দিয়ে আঘাতের কারণে এমন জখম হতে পারে। মাথার নিচের অংশেও আঘাতের চিহ্ন রয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহাম্মেদ রানা বলেন, হারুনুর রশিদের ওপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।
আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুক্রবার সকালে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর ইসলাম সোয়াত থানায় এসে হারুনুর রশিদের মামলা করার কথা জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




