
দ‘ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ ১১ বছর পর মৈদং ইউনিয়ন পরিষদের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ফকিরাছড়ি খেলার মাঠে মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেস্টহাট আর্মি ক্যাম্পের কমান্ডার ওয়ারেন্ট অফিসার মো. নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরাছড়ির হেডম্যান সুজন চাকমা, সংরক্ষিত ওয়ার্ড সদস্য প্রবিনা চাকমা, ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল কুমার চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টে জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ১৯টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মৈদং ইউনিয়নের ফকিরাছড়ি স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে দুমদুম্যা ইউনিয়নের বস্তিপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলা পরিচালনার জন্য জুরাছড়ি জোনের পক্ষ থেকে সেনাসদস্যরা রেফারি ও লাইন্সম্যানের দায়িত্ব পালন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা বলেন, যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে ওঠে। তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
দীর্ঘ ১১ বছর পর আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী হাজারো দর্শক। দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায়।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Best Regards




