
পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদক কারবারী, চাকরিজীবী ও অযোগ্য ব্যক্তিদের স্থান দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৭ সদস্যের বিতর্কিত উপজেলা কমিটি গঠনের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ আগস্ট) সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে স্থানীয় যুবদলের একাংশ ও ত্যাগী নেতা-কর্মীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, “বিগত ১৭ বছর ধরে যারা হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের বাদ দিয়ে কোনো কমিটি তৃণমূল নেতাকর্মীরা মেনে নেবে না। সম্প্রতি ঘোষিত মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ৭ সদস্যের আংশিক কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাদের বঞ্চিত করা হয়েছে। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া অযোগ্য, সক্রিয় মাদক কারবারি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, যা দলের নীতি ও আদর্শের পরিপন্থী।
শনিবারের এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সুজন, মো. বাবুল মুন্সি, মো. শাহীন ফরাজীসহ অন্য নেতারা। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘোষিত এই বিতর্কিত ও পকেট কমিটি বাতিল করে ত্যাগী, পরিচ্ছন্ন ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি পুনর্গঠনের দাবি জানান। দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।




