
রোববার (৩০ আগস্ট) রাঙামাটির বিলাইছড়িতে মার্জিনালাইজড কমিউনিটির জীবনমান উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এনজিও সংস্থা আশিকা'র বাস্তবায়নাধীন পাইলট কার্যক্রম "অ্যাক্সেস টু এন্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ" প্রজেক্টের আওতায় বিলাইছড়ি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামাচরন মার্মা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (সহকারী সার্জন) ডা. ওমর ফারুক।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি ও আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিসহ অনুষ্ঠানে মতামত রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অসীম চাকমা, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তিরায় চাকমা এবং ধুপ্যাচর পাড়ার কার্বারী থুইপ্রু মার্মা।
সভায় প্রান্তিক জনসমষ্টির উন্নয়ন, অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ ও সহায়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকল্পটি বিশেষ করে শিশুদের পুষ্টির ওপর কাজ করে আসছে। প্রান্তিক জনসমষ্টির যেসব শিশুরা গুরুতর তীব্র অপুষ্টি (SAM) এবং মধ্যম মাত্রার তীব্র অপুষ্টিতে (MAM) আক্রান্ত শিশুদের পুষ্টিসহায়তায় কাজ করে যাচ্ছে বলে অবহিত করা হয়।
হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় অবহিতকরণ সভাটির আয়োজন করে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন।




