
কুমিল্লার বরুড়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতে নতুন একটি সরকারি ডাবল কেবিন পিকআপ ভ্যান পেয়েছে বরুড়া থানা।
কুমিল্লা ৮ (বরুড়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের আবেদনের প্রেক্ষিতে গত ২৮ আগষ্ট বরুড়া থানায় নতুন গাড়িটি প্রদান করা হয়।
বরুড়া থানা সূত্রে জানা গেছে, বরুড়া থানার জন্য একটি ডাবল কেবিন পিকআপ গাড়ি বরাদ্দের আবেদন জানিয়ে গত ২ এপ্রিল ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি)।
আবেদনে উল্লেখ করা হয়, কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় এলাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। প্রায় ২৪৫ বর্গকিলোমিটার আয়তনের এ এলাকায় এবং কুমিল্লা - চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক বিপুল সংখ্যক মানুষের বসবাস। মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, টহল কার্যক্রম এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কার্যক্রম পরিচালনায় একটি অতিরিক্ত সরকারি গাড়ির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
এরই প্রেক্ষিতে বরুড়া থানা নতুন সরকারি পিকআপ ভ্যান পাওয়ায় পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ বলেন, “বরুড়া থানা এলাকায় মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারি পিকআপ ভ্যান প্রদান করার জন্য মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি এবং মো. আনিসুজ্জামান পিপিএম, পুলিশ সুপার, কুমিল্লা স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, নতুন এই পিকআপ ভ্যান বরুড়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযান, টহল কার্যক্রম এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন গাড়ি পাওয়ায় বরুড়া থানার পুলিশ সদস্যদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত ও জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা প্রদান আরও সহজ হবে।




