
আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ, এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকারী প্রত্যবেক্ষকদের সম্মানী ভাতা প্রদান এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবদিন ফারুক।
বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি,টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা নুরুল হুদার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুর রহিম সরকার, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. আবদুল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী,বিদ্যালয়ের দাতা সদস্য লায়ন শাহাদাত হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার মানোন্নয়ন বিষয়ক ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শ্রেণিকক্ষে উপস্থিতি, পরীক্ষার ফলাফল উন্নয়ন, নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে অভিভাবকদের দায়িত্বসহ শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবদিন ফারুক বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না; তাদের সৎ, দায়িত্বশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানের সভাপতি জনাব লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চার আহ্বান জানান এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকারী প্রত্যবেক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মাননা হিসেবে তাদেরকে ”সৈয়দ হারুন ফাউন্ডেশন”-এর পক্ষ থেকে সম্মানী ভাতা প্রদান করা হয়। একই সঙ্গে আমন্ত্রিত সকল অতিথিদের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, এইচএসসি পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রত্যবেক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করে সৈয়দ হারুন ফাউন্ডেশন।




