
নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানকে। তিনি খুবই শিগগিরই নতুন কর্মস্থলে যোগদান করবেন।
রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
মো. হাবিবুর রহমান এর আগে মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার ও ফেনী জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি যশোর জেলার বাসিন্দা। তিনি ২৪তম বিসিএসের কর্মকর্তা।
এর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার বদলির আদেশ দেওয়া হয়।
জানা যায়, ২৫তম বিসিএসের কর্মকর্তা মিজানুর রহমান মুন্সী গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় নয় মাসের মাথায় তার বদলির আদেশ আসে। তিনি দক্ষতার সহিত নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে কাজ করে গিয়েছিলেন। বিশেষ করে মাদকের উপর জেহাদ ঘোষণা করেছিলেন।




