
পিরোজপুরের জিয়ানগরে ঐতিহ্যবাহী ইন্দুরকানী বাজার থেকে জিয়ানগর সরকারি কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ।
ইন্দুরকানী বাজারের পাশেই রয়েছে দুটি মাধ্যমিক বিদ্যালয়, একটি থানা, ছয়টি ব্যাংকসহ কয়েক শত ব্যবসাপ্রতিষ্ঠান। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে যাতায়াত করেন অসংখ্য মানুষ। পাশাপাশি স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীরাও নিয়মিত এই সড়ক ব্যবহার করে।
স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে সড়কটির এমন বেহাল দশা হলেও কার্যকর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
ইন্দুরকানী বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় বিভিন্ন মহলের দাবি, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করা হোক। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের প্রশ্ন—আর কতদিন অপেক্ষা? কবে সংস্কার হবে এই জনগুরুত্বপূর্ণ সড়কটি?
সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন।
এ বিষয়ে জিয়ানগর উপজেলা প্রকৌশলী ওবায়েদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, “স্থানীয় সরকারের আওতাধীন কোনো সড়কের তিন বছর পূর্ণ হওয়ার আগে রিপিয়ারের চাহিদা দেওয়া যায় না। এ সড়কের রিপিয়ারের চাহিদা আগামী ২০২৭-২৮ অর্থবছরে দেওয়া যাবে। তবে এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আপাতত সাময়িক মেরামতের বরাদ্দ পাওয়া গেলে সড়কটির মেরামতের কাজ শুরু হবে।”




