
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধল্যা গ্রামে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তাওহীদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, সোমবার উপজেলার কদিম ধল্যা গ্রামে। মৃত তাওহীদ কদিম ধল্যা গ্রামের মৃত আমিনুর মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়,সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাওহীদসহ কয়েকজন শিশু বাড়ির পাশের বিলে খেলতে যায়।একপর্যায়ে তাওহীদ পানিতে পড়ে যায়।পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।পরে বিলের পানিতে তাওহীদের জুতা ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর পানিতে নেমে খোঁজাখুঁজি করে তাওহীদকে উদ্ধার করা হয়। পরে তাকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুন নাহার ইতি সাংবাদিকদের জানান,শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।হাসপাতালে আনার কয়েক ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।




