
মানিকগঞ্জের হরিরামপুরে কাজের লোকের ছদ্মবেশে একদিনের কাজ নিয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৯ আগস্ট হরিরামপুর থানার সুলতানপুর এলাকার রফিকুল ইসলামের বাড়িতে কাজের লোকের ছদ্মবেশে একদিনের কাজ নেন আশরাফুল ইসলাম। পরে রফিকুল ইসলামের মেয়ের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
ঘটনার পর রফিকুল ইসলাম বাদী হয়ে হরিরামপুর থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার পূর্ব-ছাপড়হাটি গ্রাম থেকে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, কাজের লোকের ছদ্মবেশে বাড়িতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় মামলা হওয়ার পরপরই পুলিশ অভিযান চালায়। অভিযানে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে অভিযুক্ত আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কারসহ পূর্ণাঙ্গ মালামাল উদ্ধার করা হয়েছে।




