
কুমিল্লার দেবিদ্বারে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ৭৫টি সেলাই মেশিন ও ২০টি রিকশা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বিতা বাড়ানোর লক্ষ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও কর্মহীনদের হাতে সেলাই মেশিন ও রিকশা তুলে দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।
এ সময় তিনি বলেন, শুধু সহায়তা প্রদান নয়, অসহায় মানুষের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। সেলাই মেশিন ও রিকশা কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের আয়-রোজগারের ব্যবস্থা করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতা ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সি, সুফিয়া বেগম, দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জসিম উদ্দিন , পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন বুলু পাঠান সহ আরো অনেকে প্রমূখ।
সেলাই মেশিন ও রিকশা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।




