
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, প্রকৃতিকে ধ্বংস করে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারেনি। বিগত আওয়ামী লীগ সরকার সুন্দরবনে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন, নির্বচারে গাছ কাটা, পাহাড় কাটা এবং জলাভূমি ও নদী ভরাট করাসহ পরিবেশ বিধ্বংসী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে দেশের জীববৈচিত্র্যকে ধ্বংস করে গেছে। একারণে দেশে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। তাই এখনই দেশবাসীকে সচেতন হতে হবে এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাস করতে হবে। এবং প্রত্যেক মানুষকে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করতে হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেছিলেন। তারই উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে সারা দেশের ন্যায় সিংগাইরে বৃক্ষরোপণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সুস্থ-সুন্দর জীবনের জন্য বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচী সফল করার লক্ষ্যে সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আলাউদ্দিন, আব্দুল মান্নান, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি নুর উদ্দীন, যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক নুর আলম বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, সদস্য সচিব ইসমাইল হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম শফিকসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




