
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের ওসি (তদন্ত) সহ অন্তত-১০জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার এলাকায় কেন্দ্রীয় বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ -১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে সরফত আলী সপুর পূর্ব নির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিলো। সকালে সেখানে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। এ সময় শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে কথা কাটাকাটি তৈরি হয়।
এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রূপ নেয়, এ সময় মোটরসাইকেল ভাংচুর ঈদ পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসা দেয়।
এদিকে এঘটনা এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
শ্রীনগর থানার ওসি(তদন্ত) মিল্টন দত্ত আহতের তথ্য নিশ্চিত করেছেন।
এবিষয়ে জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার, মোঃ আনোয়ার পারভেজ বলেন, দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে আমাদের থানা টিম দ্রুত রেসপন্স করে ঘটনাস্থলে উপস্থিত হয় পরে দুপক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের সময় ওসি তদন্ত চোখের নিচে কিছুটা আঘাত পেয়েছে।




