
ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে, তা পতিত শাসকগোষ্ঠী তৈরি করে গেছে। এই সমস্যা আমরা তৈরি করিনি।
জনগণের সাময়িক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমরা চেষ্টা করছি। ইনশাআল্লাহ, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানির কোনো সমস্যা থাকবে না।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের নির্যাস নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানকে হত্যা করে ভেবেছিল, বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধ্বংসস্তূপ থেকে বিএনপি আবার কোটি কোটি মানুষের ভালোবাসার দলে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি কখনো বাংলাদেশে গণবিরোধী ভূমিকা পালন করেনি। ১৯৭১, ১৯৯০ ও ২০২৪'ও বিএনপির। বিএনপির কোনো কলঙ্ক নেই।
আওয়ামী লীগকে উদ্দেশ করে শহিদুল ইসলাম বাবুল বলেন, বাংলাদেশ থেকে মানুষ খুন করে, হাজার হাজার কোটি টাকা পাচার করে পালিয়ে গিয়ে তারা আবার স্বপ্ন দেখে বাংলাদেশে আসবে। আপনারা ইতিহাস পর্যালোচনা করে দেখবেন, এমন কোনো দল নেই, যারা পালিয়ে যাওয়ার দুই মাস পর দেশে ফিরে এসে ক্ষমতা দখল করেছে।
উপজেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




