
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দলের সভাপতি মো. শাহনেওয়াজ সানু (মাস্টার)। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নান্নু মিয়া, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে মো. শাহনেওয়াজ সানু (মাস্টার) বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের বিষয় নয়; এটি দলের আদর্শ, লক্ষ্য ও জনগণের প্রতি দায়িত্বের কথা স্মরণ করার দিন। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ঐক্যবদ্ধ থাকা এবং গণতান্ত্রিক আন্দোলনে শান্তিপূর্ণভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নৌ-যান শ্রমিকরা দেশের যোগাযোগ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অথচ বিভিন্ন সময়ে তারা নানা ধরনের সমস্যা ও বঞ্চনার শিকার হন। শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং দলের চেয়ারপারসন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




