
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকার ১৫ বেকার যুবককে চার সপ্তাহব্যাপী ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রশিক্ষণ শেষে তাঁদের সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস দেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে যুবকেরা নিজ এলাকায় কাজের সুযোগ তৈরি করে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যাবেন বলে আশা করছে বিজিবি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও ইলেকট্রিক টুলস তুলে দেন প্রধান অতিথি বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
বিজিবি সূত্রে জানা যায়, ফুলবাড়ী ২৯ বিজিবির ব্যবস্থাপনায় গত ২৬ জুলাই জলপাইতলী বিজিবি ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি কাজ করছে। সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণার্থীদের সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস দেওয়া হয়েছে, যাতে তাঁরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজ করতে পারেন।
কর্নেল ফয়সল হাসান খান আরও বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—মহাপরিচালকের এ ঘোষণা বাস্তবায়নে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব পাচার ও অস্ত্র পাচারসহ আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবি দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তবর্তী মানুষের কল্যাণে ত্রাণ বিতরণ, দুর্যোগকালে উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ এবং শিক্ষা উপকরণ দেওয়াসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মিজানুর রহমান ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।




