
চট্টগ্রামের হাটহাজারীতে মহাসড়ক লাগোয়া সিএনজি অটোরিকশার ওয়ার্কসপের আড়ালে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
এসময় ওই কারখানায় তৈরী সক্রিয় চারটি পাইপগান, একটি পেনগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
সোমবার উপজেলার উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকার মনচুরাবাদ কলোণির সাকিবের ঘর থেকে এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি দুইজনকে আটক করেছে পুলিশ।পরে তাদের দেয়া তথ্যমতে মির্জাপুর ইউনিয়নস্থ আব্দুল জলিল বালু শাহ মাজার গেইট কুমারীকুল রাস্তারমাথায় সরকারি জায়গায় নির্মিত একটি মার্কেটে কারখানার সন্ধান মেলে। এসময় কারখানায় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম দেখা যায়। যদিও লোকচক্ষুর কাছে ওই কারখানাটি সিএনজি অটোরিকশার ওয়ার্কসপ নামে পরিচিত।
আটককৃতরা হলেন, ওই ওয়ার্ডের জামাল মিস্ত্রীর বাড়ির মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন এবং একই এলাকার বরিশাল কলোনির মালেক ড্রাইভারের বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির। এদিকে জেলা পুলিশ সুপার মাসুদ আলম মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে ওই কারখানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিং দেন।
ঘটনার সত্যতা জানিয়ে তিনি বলেন, সিএনজি অটোরিকশার আদলে মহাসড়কের পাশে দেশীয় অস্ত্র তৈরি এটি সত্যিই অবাক করার মত। পেনগানের বিষয়ে বলেন, কিছুদিন আগে ঢাকায় বিদেশী অত্যাধুনিক পেনগান উদ্ধার করা হয়েছিল কিন্তু এখানে দেশীয় পেনগান তৈরি হচ্ছে। যারা তৈরি করছে তারা অনেক চতুর।
তাদের অবশ্যই এ বিষয়ে ভাল অভিজ্ঞতা রয়েছে। পুলিশ সুপার বলেন, তৈরিকৃত অস্ত্রগুলো দিয়ে পিস্তলের গুলির পাশাপাশি রাবার বুলেটও ব্যবহার করা যায়। আহত কিংবা নিহত উভয় কাজেই এগুলো ব্যবহার করা যায়। তিনি বলেন, মূল হোতা ওসমান পলাতক। আটককৃত জামালও অস্ত্র তৈরিতে পারদর্শী। স্বল্প খরচে তৈরি এসব অস্ত্র ব্যবসা সহজলভ্য। মূল হোতাসহ এ কাজে জড়িতদের আটকে পুলিশ কাজ করছে বলেও জানান মাসুদ আলম। এর আগে তিনি কারখানাটি পরিদর্শন করেন।
এসময় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ, অফিসার ইনচার্জ জাহিদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।




