
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটর সাইকেলে শারীরিক প্রতিবন্ধি ছেলেকে মাদ্রসায় নিয়ে যাওয়ার সময় বেপরোয়াগতির কোচের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বাবা গোলাম রব্বানী। এসময় মোটর সাইকেল থেকে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন মাদ্রসা পড়ুয়া প্রতিবন্ধি ছেলে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিমপাড়া মার্কাস মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মোঃ জিন্নাহ মিয়ার ছেলে।তিনি সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।চাকুরীর সুবাদে তিনি সাদুল্লাপুর উপজেলা শহরে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাদ্রসা পড়ুয়া ছেলেকে মোটর সাইকেলে করে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন বাবা গোলাম রব্বানী।এরইমধ্যে ঢাকাগামী ফাতেমা এন্টারপ্রাইজ নামের একটি কোচ তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।এতে তিনি কোচের নীচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়া শিশু সন্তানটিকে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় উদ্ধার করে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বর্তমানে শিশু সন্তানটি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এঘটনায় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে ঘাতক কোচটি ভাঙচুরের চেষ্টা চালায়। এরইমধ্যে কোচের চালক, সুপার ভাইজার ও হেলপার কৌশলে পালিয়ে যায়।
এপরিস্থিতিতে সাদুল্লাপুর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে কোচটি থানা হেফাজতে নিয়ে তা জব্দ করে।পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার চলতি দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবু তালেব জানান, ময়না তদন্তের জন্য মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এছাড়া জব্দকৃত কোচের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।




