
নাচোলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। এ উপলক্ষ্যে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে নাচোল উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত খেলা শেষে অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।
প্রতিযোগিতায় হ্যান্ডবল বালক বিভাগে উজিরপুর দাখিল মাদ্রাসা ৩-২ গোলে বায়পুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বায়পুর উচ্চ বিদ্যালয় রানার্স আপ অর্জন করে। অপরদিকে, হ্যান্ডবল বালিকা বিভাগে পীরপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
উপজেলার ৫৩টি হাইস্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। হ্যান্ডবল ছাড়াও কাবাডি ও সাঁতারের বিভিন্ন ইভেন্টে বালক ও দাবা, বালিকাদের জন্য খেলা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান এবং সহ-সভাপতি ওমর ফারুক।
প্রধান অতিথি প্রিয়াংকা দাস তার বক্তব্যে উপজেলা পরিষদের মাঠকে খেলার উপযোগী করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। এছাড়াও তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শরীর চর্চা শিক্ষকদের নিয়মিত খেলাধুলা বিষয়ে ক্লাস নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।




