
রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিলাইছড়ি উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
সকালে বিলাইছড়িতে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ফারুয়া বাজার স্থানান্তরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে জেলা প্রশাসক এসএসসি-২০২৬ পরীক্ষায় বিলাইছড়ি উপজেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। এছাড়া কেংড়াছড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই অসহায় পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন বিলাইছড়ি মডেল মসজিদ, কলেজ, নীলাদ্রি রিসোর্ট ও ভূমি অফিসের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে উপজেলা পরিষদের পাশে বৃক্ষরোপণ করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামজিদ রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রশাদ রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ, সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




