
কুমিল্লার দেবিদ্বারে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কিশোর গ্যাং সদস্য আল রামিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার পৌর এলাকার চেয়ারম্যান বাড়ির সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল রামিম দেবিদ্বার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া এলাকার মাসুদ পারভেজের ছেলে।
পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে দেবিদ্বার পৌর এলাকার পৌষ সংক্রান্তি মেলায় মারামারির ঘটনায় দায়ের করা জিআর মামলা নং-১৪, তারিখ ২১/০১/২০২৬-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন আল রামিম। এছাড়া তার বিরুদ্ধে দেবিদ্বার থানায় কিশোর গ্যাং ও ছিনতাইয়ের অভিযোগে মামলা রয়েছে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।’




