
বেঁচে থাকার লড়াই এর জন্য একটি ইলেকট্রিক হুইলচেয়ারের অপেক্ষা শেষ হয়েছে শারীরিক প্রতিবন্ধী অসহায় আব্দুর রহিমের।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন তার হাতে একটি ইলেকট্রিক হুইল চেয়ার তুলে দেন।
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর দুড়িপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিম একজন শারীরিক প্রতিবন্ধী। বর্তমানে তিনি প্যারালাইজড হয়ে কোমরের নিচের অংশের অনুভূতি হারিয়েছেন। নিজে চলাফেরা তো দূরের কথা, অন্যের সহযোগিতা ছাড়া ঘর থেকেও বের হতে পারেন না।
অসহায় এই মানুষটির সংসারে রয়েছে দুটি ছেলে সন্তান। দুর্ভাগ্যজনকভাবে তার সন্তানরাও শারীরিক প্রতিবন্ধী। পরিবারের উপার্জন করার মতো কার্যত কেউ নেই। একসময় মানুষের সহায়তায় তিনি চলাফেরা করতেন এবং কোনোভাবে সংসারের খরচ জোগাড় করার চেষ্টা করতেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এখন আর স্বাভাবিকভাবে ঘরের বাইরে বের হওয়াও সম্ভব হচ্ছে না।
জীবনের কঠিন বাস্তবতায় বাধ্য হয়ে অন্যের সহযোগিতায় রিকশায় বসে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য চাইতে হয় তাকে। মানুষের কাছ থেকে পাওয়া সামান্য সহায়তার একটি অংশ আবার রিকশা নিয়ে তাকে ঘোরানো ব্যক্তিকে দিতে হয়। অবশিষ্ট অর্থ দিয়ে কোনো রকমে চলে তার অসহায় পরিবার।
আব্দুর রহিমের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল একটি ইলেকট্রিক হুইলচেয়ার । এমন একটি হুইলচেয়ার পেলে তিনি অন্তত অন্যের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন। মানুষের দ্বারে দ্বারে সাহায্যের জন্য যাওয়ার ক্ষেত্রেও তার দুর্ভোগ অনেকটা কমে আসত।
তার এই স্বপ্ন পূরণ হয়েছে। এতে অসহায় আব্দুর রহিম জীবনে নতুন আশার আলো দেখছেন। তিনি তাঁরপাশে দাড়ানোর জন্য সংসদ সদস্য মনজুর এলাহী ও ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিনকে কৃতজ্ঞতা জানিয়েছেন।




