
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার রুবেল মিয়া (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির জিজান শহরে ডিউটিরত অবস্থায় ট্যাংকারের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত রুবেল মিয়া কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. কাজল বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মানুষের কাছ থেকে ধারদেনা করে প্রায় এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রুবেল। সেখানে ফ্রি ভিসায় বিভিন্ন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।
নিহতের বন্ধু রুবেল আহমেদ রানা জানান, মঙ্গলবার জিজান শহরে ডিউটিরত অবস্থায় একটি ট্যাংকার রুবেলকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
রুবেলের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী, এক ছেলে এবং বৃদ্ধ বাবা-মা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
নিহত রুবেল মিয়ার স্ত্রী রিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী আর কোনোদিন ফিরে আসবেন না এই সত্য মেনে নেওয়া আমাদের জন্য খুবই কঠিন। এখন অন্তত তাঁর মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখতে চাই। আপনজনদের উপস্থিতিতে তাঁকে দাফন করতে চাই। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, প্রয়োজনীয় সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে রুবেলের মরদেহ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হোক।




