
কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার মোট ১২ জন আসামিকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।
শনিবার উখিয়া থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় দিন-রাতব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃতদের মধ্যে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামির পাশাপাশি মাদক, মারামারি ও অন্যান্য ফৌজদারি মামলার অভিযুক্তরাও রয়েছেন।
উখিয়া থানা সূত্র জানায়, পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানা পুলিশের একাধিক টিম অংশ নেয় এবং গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একে একে ১২ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ জিরো টলারেন্স বাস্তবায়নের জন্য যখন থেকে উদ্যোগ নিয়েছেন তখন থেকেই বাংলাদেশ পুলিশ তা গুরুত্ব সহকারে আমাদের নির্দেশ প্রদান করেন এবং আমরা অনবরত মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্ৰহন করে আসছি এবং বিভিন্ন অভিযানে সফল হওয়ায় তিন স্তরে বিভাগীয় সেরা ওসির পুরস্কার ও পেয়েছেন বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান।
উখিয়া থানার পক্ষ থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




