
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামের খানকাপাড়া মাঠে অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা নেওয়ার পর উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য ৪৫ জন রোগীকে যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত খানকাপাড়া সবুজ সংঘের উদ্যোগে এবং আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে যেসব রোগীর উন্নত চিকিৎসা বা অস্ত্রোপচার প্রয়োজন, তাদের মধ্য থেকে ৪৫ জনকে যশোরে পাঠানোর ব্যবস্থা করা হয়। রোগীদের যাতায়াতসহ প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার দায়িত্ব নিয়েছে আয়োজক সংগঠন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল আলম। এছাড়া খানকাপাড়া সবুজ সংঘের উপদেষ্টা মাহমুদুল হক আবু জাফর (পীর সাহেব), সিনিয়র সহ-সভাপতি শেখ আলতাফ উদ্দিন, কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
চক্ষু ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে চোখের সমস্যার চিকিৎসা করাতে পারেননি তারা। বাড়ির কাছাকাছি বিনামূল্যে চোখ পরীক্ষা ও পরবর্তী সময়ে বিনামূল্যে অপারেশনের সুযোগ পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে এমন উদ্যোগের জন্য খানকাপাড়া সবুজ সংঘ ও আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
খানকাপাড়া সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি বলেন, গ্রামের দরিদ্র ও অসচ্ছল মানুষের চোখের চিকিৎসার সুযোগ নিশ্চিত করতেই এ আয়োজন করা হয়েছে। মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।




