
বরগুনার বামনায় বসতঘরের ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে স্বর্ণালংকার, রূপার নূপুর ও নগদ টাকা চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫৭ হাজার ৩১০ টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামনা ইউনিয়নের খোলপটুয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোলাঘাটা করইতলা গ্রামের মো. আবদুল্লাহ খান (২০), খোলপটুয়া গ্রামের মো. রাসেল মুসুল্লি (২২) ও একই গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোর।
পুলিশ জানায়, ৪ সেপ্টেম্বর অটোরিকশাচালক মো. কামাল মোল্লা বাড়ির বাইরে থাকার সুযোগে চোরেরা ভেন্টিলেটর দিয়ে ঘরে ঢুকে শোকেসের ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার, রূপার নূপুর ও নগদ টাকা নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে এমাদুল হকের বসতঘরের পেছনের দেয়ালসংলগ্ন মাটি খুঁড়ে এক জোড়া সোনার রিং, একটি নাকফুল, দুই ভরি রূপার নূপুর ও নগদ ৩ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কামাল মোল্লা বাদী হয়ে বামনা থানায় মামলা করেছেন। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।




