
সড়ক দুর্ঘটনায় সিডিএম পরিবহনের একটি বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে ফেনী সদর থানাধীন লালপোল স্টার লাইন ফিলিং স্টেশনের প্রায় ২০০ গজ উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা যায়, একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা সিডিএম পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-১৪২৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়।
এতে বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিতে দুটি রেকার দিয়ে উদ্ধার কার্যক্রম চলছে পুলিশ। তবে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




