
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে ‘পল্লী সবুজায়ন’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, চারা বিতরণ ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের বৃক্ষরোপণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টম্বর) উপজেলা বিশ্রামাগারের হলরুমে পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের মধ্যে চারা ও ক্ষুদ্র ঋণের অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক নুরে আলম তালুকদার।
অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংকের বোর্ড সচিব ও সিনিয়র ডিসিপ্লিন অফিসার মোহাম্মদ আলী, মনিটরিং অফিসার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার আতিকুল ইসলাম, রাঙামাটি জেলা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া এবং বরকল উপজেলা শাখার ব্যবস্থাপক অভিক চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জুরাছড়ি উপজেলা শাখার ব্যবস্থাপক পতুল চাকমা।
নুরে আলম তালুকদার বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
তিনি আরও বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় পল্লী সঞ্চয় ব্যাংক ‘পল্লী সবুজায়ন’ কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির আওতায় ব্যাংকের গ্রাহকদের মধ্যে চারা বিতরণের পাশাপাশি তাঁদের বৃক্ষরোপণে উৎসাহিত করা হবে।
ব্যাংকের কর্মকর্তারা বলেন, পাহাড়ি এলাকায় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অনেক। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হলে একদিকে যেমন সবুজায়ন বাড়বে, অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতাও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়।




