
চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে বাশের আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ফরিদুল ইসলাম (৪৫) দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের আবু হোসেন চৌকিদারের ছেলে।
স্থানীয় ও পরিবারের লোকজন জানান, গত রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিবেশী দুলালের বাড়ির পাশে কাপড়ের নেকড়া বা ছেড়া কাপড় ফেলা নিয়ে ফরিদুল ইসলামের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় দুলাল বালিধারা (বাশ) দিয়ে ফরিদুল ইসলামের মাথায় আঘাত করলে ফরিদুল ইসলাম গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাতেই তাকে রাজশাহীতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।




