
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মাঝপদ্মায় ইঞ্জিন বিকল হয়ে তীব্র স্রোতের টানে প্রায় দেড় কিলোমিটার দূরে ভেসে গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাঝপদ্মায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার এজিএম মো. সালাহউদ্দিন।
তিনি জানান, সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ফেরিটি দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। মাঝনদীতে পৌঁছানোর পর তীব্র স্রোতের মধ্যে ফেরিটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ফেরিটি আর সামনে এগোতে পারেনি।
একপর্যায়ে প্রবল স্রোতের টানে ফেরিটি ভেসে মূল নৌপথ থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে চলে যায়। এ সময় ফেরিতে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
সালাহউদ্দিন আরও জানান, খবর পেয়ে আইডি ইঞ্জিনের সহায়তায় ফেরিটিকে উদ্ধার করে পাটুরিয়া ঘাটে ফিরিয়ে নেয়া হয়।
দুপুর ২টায় বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের মেরিন বিভাগের কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, যাত্রিক ত্রুটির কারণে ফেরিটি স্রোতে কয়েক কিলোমিটার দূরে সরে যায়। আইডি ইঞ্জিনের সহায়তায় ফেরিটিকে উদ্ধার করে পাটুরিয়া ঘাটে ফিরিয়ে আনা হয় দুপুর ২টায়।
তিনি আরও জানান, ফেরিটি ঘাটে ভেড়ার পর খানজাহান আলী ফেরিতে যাত্রী ও যানবাহন উঠিয়ে দৌলতদিয়া ফেরিঘাটে পাঠানোর প্রস্তুতি চলছে।




