
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী বাজারে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর দোকান থেকে ২৭ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ব্যবসায়ী বাবুল মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোমতী ইউনিয়ন পরিষদ এলাকায় গোমতী বাজারের ব্যবসায়ী বাবুল মিয়ার দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে থাকা খাদ্য অধিদপ্তরের সীল যুক্ত ৩০ কেজি ওজনের ২৭ বস্তা চাল জব্দ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।
পরে, গোমতী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এ এসআই আনিসুর রহমান এর জিম্মায় ২৭ বস্তা চাল গোমতী ইউনিয়ন পরিষদের হল রুমে রাখা হয়। অভিযানে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, তবলছড়ি খাদ্য গুদামের ওসিএলএসডি আবদুর রহিম উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, সরকারি বস্তাসহ ব্যবসায়ী চাল মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোমতী বাজারের ব্যবসায়ী বাবুল মিয়া'র দোকানে অভিযান পরিচালনা করে সরকারি চালের বস্তা সহ ২৭ বস্তা চাল জব্দ করা হয়েছে এবং নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।




