
গাজীপুরের শ্রীপুরে মেয়ের দাম্পত্য কলহের খবর পেয়ে ছুটে গিয়েছিলেন বাবা। কথা ছিল মেয়েকে সান্ত্বনা দিয়ে পরিস্থিতি শান্ত করবেন। কিন্তু সেই যাওয়াই হলো তাঁর জীবনের শেষ যাত্রা। জামাতার লাঠির আঘাতে নিহত হয়েছেন হাফিজ উদ্দিন (৬০)।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড দারোগারচালা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত জামাতা ফিরোজ (২৫) পালিয়ে গেছেন।
স্বজনদের বরাতে জানা গেছে, রাতে স্ত্রীকে নিয়ে ফিরোজের ঝগড়া হলে তিনি বিষয়টি বাবাকে জানান। মেয়ের কান্নার খবর পেয়ে হাফিজ উদ্দিন তাঁর ভাড়া বাসায় ছুটে যান। সেখানে জামাতার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ফিরোজ বাঁশের লাঠি দিয়ে তাঁকে আঘাত করেন।
লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন হাফিজ উদ্দিন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান ফিরোজ।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




