
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা সভাপতি মনিরুল ইসলাম বকুল মারা গেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে সাইয়্যেদুল ইসলাম।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মনিরুল ইসলাম বকুল। চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে তাঁর লিভারে সংক্রমণ দেখা দেয়, যা ধীরে ধীরে মস্তিষ্কেও ছড়িয়ে পড়ে। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে আইসিইউতে তাঁকে নিবিড় চিকিৎসা দেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টার পরও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
ছাত্রজীবনে মনিরুল ইসলাম বকুল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের বাসিন্দা ছিলেন। কর্মজীবনের দীর্ঘ সময় তিনি একটি মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কারণে স্থানীয় পর্যায়ে তিনি পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের ছেলে সাইয়্যেদুল ইসলাম বলেন, সোমবার রাত সাড়ে ১০টায় বাবার প্রথম জানাজা রাজধানীর কাকরাইলে হয়। তারপর বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, তার মৃত্যুতে নোয়াখালীর রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার জানান, মনিরুল ইসলাম বকুল ছিলেন একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী। ছাত্রজীবন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দ্বীনের খেদমত, সমাজসেবা ও মানুষ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।




