
নরসিংদী রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর বাজারে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় গণপিটুনিতে নাসির নিহত হওয়ার পর, সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকার নির্দোষ ও গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে অভিযোগ উঠেছে। মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ (৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজারের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সর্বস্তরের গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার শম মানুষ ব্যানার, ফেস্টুন হাতে অংশ নেন।
নরসিংদী জেলা শহিদ জিয়া পরিষদের সহ-সভাপতি আবু কাউছার আহমেদের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শহিদ মিয়া,উত্তর বাখরনগর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোঃ সোহরাব হোসেন, উত্তর বাখরনগর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ,যুবদলের নেতা মোঃ শ্যামল মিয়া ডিলার'সহ প্রমুখ।
এই সময় মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার দিন অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে তার মৃত্যু হয়। অথচ এই ঘটনাকে হাতিয়ার করে মামলার বাদি মোশারফ স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে এলাকার নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের আসামি করে মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলা দিয়ে এলাকার মাদক বিরোধী আন্দোলন দমানো যাবে না। গ্রামের সব মানুষ আজ ঐক্যবদ্ধ। মাদক ব্যবসায়ী ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা এই বানোয়াট মামলা প্রত্যাহার এবং প্রকৃত ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত ১৬ জুলাই ২০২৬ নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজারে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয় বলে জানান বক্তারা। নিহত যুবকের নাম নাসির মিয়া। তিনি জঙ্গি শিবপুর এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে।




