
শেরপুরের নকলা থানায় দায়ের করা মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী মো. মনির মিয়া (২৪) কে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি দল র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের সহায়তায় সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, মামলার ভুক্তভোগী ১৫ বছর বয়সী স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় যাতায়াতের পথে মনির মিয়া তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। গত ২৮ জুলাই দুপুর ৩টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মনির মিয়া সহযোগীদের নিয়ে তাকে একটি সিএনজিতে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন। আদালতের আদেশে গত ২ সেপ্টেম্বর নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করা হয়।
মামলা হওয়ার পর র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত মনির মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।




