
নোয়াখালীর সুবর্ণচরে ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে প্রতিবাদ করাকে কেন্দ্র করে কুলসুমা (৩২) নামে এক গৃহবধূকে মারধর ও শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগে দুই নারীকে আটক করেছে চরজব্বার থানা পুলিশ।
এ ঘটনায় ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার পর আকলিমা ও নাজমা আক্তার নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য গত ৬ সেপ্টেম্বর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সোলেমান বাজার এলাকার পঞ্চাশ একর সমাজে এ ঘটনা ঘটে।
কুলসুমার বাবা জামশেদ উদ্দিনের অভিযোগ, তার মেয়ের লাগানো শিমগাছ তার সৎ ছেলে সাইফুলের ছাগলে খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল ও তার পরিবারের সদস্যরা কুলসুমাকে মারধর করেন এবং শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
পরে কুলসুমাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনায় কুলসুমার বাবা জামশেদ উদ্দিন বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে চরজব্বর থানায় মামলা করেন।
চরজব্বর থানার ওসি রফিকুল হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৃহবধুর পিতা জামশেদ উদ্দিন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত ২ নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।




